সাক্ষাৎকার

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে পৃথিবীর যে প্রান্তেই হোক সফলতা আসবেই

হাকিম মো. নাসিরুল, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান

বাংলাদেশের কৃতী সন্তানদের একজন হাকিম মো. নাসিরুল জাপানের ব্যবসা-বাণিজ্যের অন্যতম তারকা হিসেবে প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়েছেন। জাপানের ব্যবসা অঙ্গনে এই পরিচিত মুখ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান-এর জেনারেল সেক্রেটারি। তিনি জাপানের স্বনামখ্যাত কার রপ্তানিকারক প্রতিষ্ঠান HAT Company Ltd.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর।
আত্মপ্রত্যয়ী ও স্বপ্নদর্শী ব্যবসায়ী ব্যক্তিত্ব হাকিম মো. নাসিরুলের জন্ম ১৯৬৮ সালের ৮ আগস্ট রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষিত ব্যবসায়ী পরিবারে। তার পিতা মরহুম আব্দুল মাহমুদ ছিলেন বৃহত্তর ফরিদপুর জেলার সে সময়ের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। মা মরহুমা বেগম লুৎফুন ছিলেন একজন বিদ্যোৎসাহী নারী ব্যক্তিত্ব যিনি তাঁর ৫ ছেলে ও ৫ মেয়ের প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হয়েছেন।


ছোটবেলা থেকেই মেধাবী নাসিরুল ১৯৮৩ সালে পাংশা জর্জ হাই স্কুল থেকে এসএসসি, পাংশা কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি ও ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯০ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে জাপান আসেন এবং সে দেশের একটি ল্যাংগুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হন। ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হলে তিনি জাপানের ফুজি বিজনেস কলেজে ভর্তি হন এবং বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা লাভ করেন। পড়াশোনা শেষে তিনি জাপানের একটি প্রতিষ্ঠিত এক্সপোর্ট কোম্পানিতে এক্সপোর্ট ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন।
নাসিরুল এক পর্যায়ে দেশে আসেন এবং ১৯৯৬ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রওনক জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রওনক জাহান সাংস্কৃতিক কর্মকার্য তথা সংগীত ও শিল্প-সাহিত্যের সাথে সম্পৃক্ত। নাসিরুল তার স্ত্রীকে নিয়ে জাপান প্রত্যাবর্তন করেন এবং চাকরির পাশাপাশি ব্যবসার চিন্তা করতে থাকেন। এরই এক পর্যায়ে ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন কার এক্সপোর্ট প্রতিষ্ঠান HAT Company Ltd. এর মাধ্যমে তিনি বাংলাদেশ, রাশিয়া ও ইংল্যান্ডে গাড়ি রপ্তানি করেন।
গাড়ি রপ্তানি-ব্যবসা ছাড়াও তাদের জনশক্তি রপ্তানি আমদানি’র ব্যবসাও রয়েছে। জনশক্তি খাতের ব্যবসা প্রতিষ্ঠান জেবিসিসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিম মো. নাসিরুলের স্ত্রী রওনক জাহান। সুখী এই দম্পতির ৩ সন্তানের মধ্যে বড় ছেলে তানিম মাহমুদ হাকিম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, মেয়ে নওরীন হাকিম স্তনাতক ডিগ্রি লাভ করেছেন এবং ছোট তানভিন মাহমুদ সপ্তম গ্রেডের ছাত্র। হাকিম মো. নাসিরুল মনে করেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে পৃথিবীর যে প্রান্তেই হোক সফলতা আসবেই।
সদালাপী ও বন্ধুবৎসল হাকিম মো. নাসিরুল জাপানের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন। তিনি গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন, জাপান এর প্রধান উপদেষ্টা। সংগঠনটি সেখানকার বাংলাদেশিদের একটি মিলনক্ষেত্র। প্রতি বছরই তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। তিনি সেখানকার বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন স্বরলিপির প্রিন্সিপাল। তার স্ত্রী রওনক জাহান একজন কবি ও গানের শিল্পী।
দেশপ্রেমিক ব্যক্তিত্ব হাকিম মো. নাসিরুলদের পরিবার পাংশার একটি স্বনামখ্যাত পরিবার। তার বড় ভাই জিল্লুল হাকিম রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য যিনি ৪ বার নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সংগঠকও। তার এক ভাই বজলুল হাকিম নিউ ইয়র্কে বসবাস করেন, তিনি সেখানে একটি ‘অডিট ফার্ম’-এর স্বত্বাধিকারী। অন্য দুই ভাইয়ের মধ্যে লুৎফুল হাকিম ও ইকবাল হাকিম ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button