প্রতিবেদন

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় : পররাষ্ট্রমন্ত্রী

অর্থকণ্ঠ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তাধারায় এবং তার নির্দেশিত পথে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়নে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে।
গত ১৭ এপ্রিল সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বিশ্বমঞ্চে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে তাঁর ত্যাগের কথা তুলে ধরেন।
ড. মোমেন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে তাঁর নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।’
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং জাতীয় চার নেতার দিকনির্দেশনায় দীর্ঘ নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অবশেষে বাঙালি জাতি চূূড়ান্ত বিজয় অর্জন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিনের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সে দেশে সরকারি সফরে যান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও মো. জিল্লুল হাকিম, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button