অর্থনীতিপ্রতিবেদন

কর প্রদানে সম্মাননা পেল প্রাণ ডেইরি, ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বিজিএমইএ

অর্থকণ্ঠ ডেস্ক

ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বিজিএমইএ

তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। গত ৭ অক্টোবর রাজধানীর গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তারা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাকশিল্পের বিশেষ ইস্যুগুলো বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, বাজার বহুমুখীকরণ ও পণ্য উন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। ফারুক হাসান বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ তার তৈরি পোশাকশিল্পের জন্য ব্রাজিল থেকে আরও অধিক পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। তিনি এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।
তারা ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। যদি বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাকশিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশে কাজ করতে পারে এবং ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরি করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, তবে সেটি উভয় দেশের জন্য লাভজনক হবে।

অর্থকণ্ঠ ডেস্ক

কর প্রদানে সম্মাননা পেল প্রাণ ডেইরি

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডসহ পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে কর অঞ্চল-৫ ঢাকা। গত ৫ অক্টোবর সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠান ও পাঁচজন করদাতাকে সম্মাননা জানায় কর অঞ্চল-৫। করদাতা ও কর অঞ্চলের মধ্যে দূরত্ব কমিয়ে রাজস্ব আহরণ বাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) আতিউর রসুল কর অঞ্চল-৫ এর কর কমিশনার মো. সোয়ায়েব আহমেদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সম্মাননা গ্রহণ করে আতিউর রসুল বলেন, আজকের আয়োজনে আমরা শতভাগ সন্তুষ্ট। ভ্যাটের অনেক পুরস্কার পেয়েছি। তবে ট্যাক্স থেকে সম্মাননা এবারই প্রথম। ঢাকার ১৫টি কমিশনারেটের মধ্যে ১৪টিতে আমাদের প্রতিষ্ঠান আছে। প্রায় ২০ বছর ধরে ইনকাম অফিসে যাতায়াত করি। এখন কর্মকর্তাদের আচার-আচরণে পজিটিভ চেঞ্জ এসেছে।
তিনি আরও বলেন, প্রাণ-আরএফএলে এক লাখ ২৫ হাজার কর্মী আছেন। আমাদের প্রতিষ্ঠান বছরে অনেক টাকা পেমেন্ট করে, আশা করছি আগামী দিনগুলোতে এর পরিমাণ বাড়বে।
সম্মাননা পাওয়া অন্যান্য প্রতিষ্ঠান হলো- আশা এনজিও, উত্তরা নিট ওয়্যারস লিমিটেড, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড ও প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড।
ব্যক্তি পর্যায়ে সম্মাননা পেয়েছেন মো. খন্দকার মনিরউদ্দিন, ঝন্টু কুমার সাহা, মো. রফিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন ও মো. নজরুল ইসলাম।
এসময় কর কমিশনার সোয়ায়েব আহমেদ বলেন, করদাতাদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। তাদের সম্মান দেওয়া মানে দেশ ও জাতিকে সম্মান দেওয়া।
করদাতাদের সঙ্গে ভালো ব্যবহার করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্যাক্স পেয়ারদের সম্মান দিতে হবে। তাদের বোঝাতে হবে ট্যাক্স দিলে তাদেরই উপকার হবে।

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button