প্রতিবেদন

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নিরলস কাজ করছে ওয়েল গ্রুপ

সৈয়দ নুরুল ইসলাম সিইও, ওয়েল গ্রুপ

দেশের টেক্সটাইল, ইয়ার্ন এবং গার্মেন্ট খাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শীর্ষ পর্যায়ের শিল্প গ্রুপের একটি ‘ওয়েল গ্রুপ’। এ দেশকে শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয়ে যে ক’টি শিল্প-বাণিজ্য গ্রুপ নিজেদের শিল্প সাম্রাজ্যের মাধ্যমে অর্থনীতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে চলেছে তাদের মধ্যে ‘ওয়েল গ্রুপ’ অন্যতম। একটি অনুন্নত, দারিদ্র্যপীড়িত দেশের সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ওয়েল গ্রুপ শুধুই বাংলাদেশেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সফল শিল্পগ্রুপ হিসেবে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। এমন একটি উল্লেখযোগ্য দেশখ্যাত শিল্প গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন সময়ের মেধাবী উদ্যোক্তা ব্যক্তিত্ব সৈয়দ নুরুল ইসলাম। একই সঙ্গে তিনি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ‘ওয়েল ফুড’-এর ম্যানেজিং ডিরেক্টর।
দেশের শিল্প-বাণিজ্য অঙ্গনের কৃতী তারকা সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি, চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার এক ঐতিহ্যবাহী শিক্ষিত সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারে। তার পিতার নাম আলহাজ্ব আব্দুর রশীদ এবং মা আলহাজ্ব মারিয়া খাতুন। ৬ ভাই ৪ বোনের মধ্যে ভাই হিসেবে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই মেধাবী নুরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্সসহ মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে এমকম ডিগ্রি লাভ করেন।
পড়াশোনা শেষ করে তিনি কোনো চাকরির প্রতি আগ্রহ দেখাননি। বরং উদ্যমী এই তরুণ ব্যবসাকেই বেছে নেন। জড়িত হন ট্রেডিং ব্যবসায়। অবশ্য তাদের পরিবার ব্যবসায়ী পরিবার হিসেবেই প্রতিষ্ঠিত ছিল। বড় ভাই আবদুচ ছালাম একজন বিশিষ্ট উদ্যোক্তা ব্যক্তিত্ব। তিনি তার কাছে ব্যবসায়িক আদর্শ। ১৯৮৫-৮৬ সালে ট্রেডিং এবং ইন্ডেন্টিং ব্যবসা থেকে অর্জিত সমুদয় টাকা তুলে দেন বড় ভাই আব্দুচ ছালামের হাতে। ১৯৭৩ সালে সেলাই সুতোর যে ছোট কারখানাটির পত্তন করেছিলেন আব্দুচ ছালাম, পরবর্তীতে তা পরিণত হয় Sanzi Textiles Ltd.-এ। এটি তাদের প্রথম বৃহৎ প্রতিষ্ঠান। এরপর শুধু অগ্রগতি আর এগিয়ে যাওয়া। দেশের শিল্প-ব্যবসা-বাণিজ্য অঙ্গনে Well Group এখন এক বিশাল শিল্প সাম্রাজ্য। এখানে এই গ্রুপের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বড় ভাই আব্দুচ ছালামের নেতৃত্বে ৬ ভাই এই গ্রুপ পরিচালনা করছেন এবং সবাই এ গ্রুপের সমান শেয়ারের মালিক। তাদের এই মিল সত্যিই অনুকরণীয়। Well Group এর প্রতিষ্ঠানসমূহ হচ্ছে ওয়েল ফ্যাশন লিমিটেড, ওয়েল ডিজাইন লি., ওয়েল ড্রেসেস লি., ওয়েল অ্যাকসেসরিস লি., ওয়েল মার্ট (টেক্সটাইল ডিভিশন), ওয়েল ট্রেড, ওয়েল ফুড লি., ওয়েল পার্ক রেসিডেন্স, ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লি., সানজি টেক্সটাইল মিলস লি., ওয়েল অ্যাগ্রো ফার্ম ও মারিয়া রাশিদিয়া ফাউন্ডেশন।

ওয়েল গ্রুপ ইতোমধ্যেই দেশ-বিদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম দ্বারা ব্যাপক বিস্তৃতি লাভে সক্ষম হয়েছে; এর পেছনে গ্রুপ সিইও সৈয়দ নুরুল ইসলামের অবদান অনেক। আত্মপ্রত্যয়ী, দূরদর্শী এবং তারুণ্যে উদ্দীপ্ত উদ্যোক্তা ব্যক্তিত্ব যখন যে ব্যবসায় আত্মনিয়োগ করেছেন, সেখানেই পেয়েছেন ব্যাপক সাফল্য। তার জাদুকরী হাতের ছোঁয়ায় এই শিল্প গ্রুপ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সনদ ISO 90001 : 2000 অর্জন করেছে। এই শিল্প গ্রুপের মূল লক্ষ্য হচ্ছে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং উন্নত মানের সার্ভিস প্রদান করা। সৈয়দ নুরুল ইসলাম মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ যত বেশি করা সম্ভব হবে- বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ততই উজ্জ্বল হবে।
বর্তমানে ওয়েল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বিশ হাজারেরও বেশি। এই গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম বিশ্বাস করেন, সুস্থ ও প্রাণবন্ত শ্রমিক-কর্মচারীদের পক্ষেই সম্ভব চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন করা। এ জন্য তিনি তাদের স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা এবং তাদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
চট্টগ্রাম কালুরঘাট বিসিক শিল্প নগরীতে ওয়েল গ্রুপের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। এর ফলে তাদের শিল্প-কারখানা পরিবেশবান্ধব। তাদের প্রতিষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এ খাতে উৎপাদিত পণ্য কর্মচারীদের জন্য স্বল্পমূল্যে ক্রয়ের ব্যবস্থা রয়েছে। ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন বড় ভাই আব্দুচ ছালাম, ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন ছোট ভাই সৈয়দ সিরাজুল ইসলাম। পরিচালক হচ্ছেন ৩ ভাই সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ শহীদুল ইসলাম, সৈয়দ তারিকুল ইসলাম এবং ভাতিজা সৈয়দ আসিক হাসান।
দেশখ্যাত শিল্প ব্যক্তিত্ব সৈয়দ নুরুল ইসলাম একজন সংস্কৃতিমনা আধুনিক মানুষ। তিনি বেশ কিছু ট্রেড সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সদ্য সাবেক প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি আর্মি গলফ ক্লাব, চিটাগাং বোট ক্লাব, এফবিসিসিআই ও বিজিএমইএ’র সদস্য। কার্যোপলক্ষে তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। দূরদর্শী শিল্পোদ্যোক্তা সৈয়দ নুরুল ইসলাম মনে করেন, ব্যবসা করার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর স্বর্গ। তিনি বলেন, সব দেশেই কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো ওভারকাম করে ব্যবসা করাটাই হচ্ছে যোগ্যতা।

এনামুল হক এনাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button