সুজল-সুফলা বাংলাদেশের জ্ঞানী-গুণী অনেক কৃতী ও মেধাবী পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে নিজ নিজ পেশাজীবনে দায়িত্ব পালন করছেন। স্বপ্নের দেশ আমেরিকাতেও রয়েছেন অনেক বাংলাদেশি আমেরিকান পেশাজীবী ব্যক্তিত্ব। এই পেশাজীবীদের অনেকেই বাংলাদেশের গর্বিত সন্তান, যারা আমেরিকাসহ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। আমেরিকায় চিকিৎসাখাতের তেমনই একজন দায়িত্বশীল মেধাবী চিকিৎসক ব্যক্তিত্ব ডা. বাশার এম আতিকুজ্জামান। যিনি ডা. আতিক নামেই সমধিক পরিচিত।
ফ্লোরিডার বাংলাদেশ কমিউনিটির এই মানুষটি একাধারে চিকিৎসক, শিক্ষাবিদ, লেখক, সমাজহিতৈষী আবার কমিউনিটির সুদক্ষ নেতা হিসেবেও সুপরিচিত।
ডা. আতিকুজ্জামান আমেরিকার স্থায়ী নাগরিক হলেও বাংলাদেশের যে কোনো অর্জনে গর্ব অনুভব হবার মতো গৌরবে উৎফুল্ল হন। আনন্দে হন আনন্দিত। বাংলাদেশের ভাষা আন্দোলন ও বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ নিয়ে নিজেরা খুব গর্ব অনুভব করেন। আমেরিকায় নতুন প্রজন্মের সন্তানদের বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপারে আগ্রহী করেন এই চিকিৎসক। বাংলাদেশ কমিউনিটির যে কোনো সমাজসেবামূলক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সহায়তা দিয়ে থাকেন। করোনা মহামারির শুরু থেকেই তিনি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ব্যাপারে বেশ সক্রিয় ভ‚মিকা পালন করেন।
এই আলোকিত চিকিৎসকের জন্ম ঢাকার এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে। মেধাবী ছাত্র আতিক মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাস করার পর ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৮৫ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় পাসের পর ভর্তি হন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। এই কলেজে তিনি পর পর তিনবার ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি স্কুল জীবন থেকেই বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক কর্মধারার সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়ে তিনি ‘প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ লাভ করেন।
কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি এক পর্যায়ে উচ্চশিক্ষার্থে আমেরিকায় আসেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব আমেরিকা ডাউনস্টেট অ্যান্ড স্টান ব্রেক থেকে পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল ট্রেনিং ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্টারন্যাশনাল মেডিসিন, Geriatrics গ্যাসট্রোলজি এবং হেপাটোলজি বিষয়ে বিশেষজ্ঞ।
ডা. আতিক শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, তিনি চিকিৎসা খাতের একজন ধীশক্তি-সম্পন্ন গবেষকও। চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে তার একাধিক প্রকাশনা রয়েছে। বিভিন্ন জার্নালে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধসহ টেক্সট বুকস এর বেশ কিছু চ্যাপ্টার তার লেখা।
ডা. আতিক Florida Hospital Kissimmee এবং Osceola Regional Medical Centre গ্যাসট্রোলজি ডিপার্টমেন্টের মেডিসিনের ডিরেক্টর, ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি University of Central Florida’র কলেজ অব মেডিসিন এর Faculty এবং Orlandoর Centre for digestive and liver Centre এর Associate.
প্রফেশনের বাইরেও এই মানবহিতৈষী চিকিৎসক কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ফাউন্ডেশন-এর বোর্ড ট্রাস্টি। তিনি বাংলাদেশ এবং নর্থ আমেরিকার বাংলাদেশিদের বিভিন্ন মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। অসহায় ও দুস্থ মানুষদের কল্যাণে তার ভ‚মিকা সবসময়েই সমুজ্জ্বল। সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ ডা. আতিক বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, নর্থ আমেরিকা, ফ্লোরিডা’র প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। তিনি নর্থ আমেরিকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এলামনাই-এর প্রেসিডেন্ট।
সৃজনশীল মনের অধিকারী ডা. আতিক লেখক এবং কলামিস্ট হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি সমাজ-জীবন ও মানুষের নানা সমস্যা সম্ভাবনা বিষয়ে বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে লিখছেন। তিনি গান গাইতে, ছবি উঠাতে এবং বাগান করতে পছন্দ করেন। পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা এবং ঘুরে বেড়াতে পছন্দ করেন। তিনি ৬০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।
বাংলাদেশবান্ধব ডা. আতিক নর্থ আমেরিকার বাংলাদেশ কমিউনিটির নানারকম উন্নয়নমূলক কার্যক্রমে ভ‚মিকা রেখে চলেছেন। তিনি বাংলাদেশে প্রযুক্তিগত সহায়তাসহ টেলিমেডিসিনের প্ল্যাটফরম উন্নয়ন, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টস, ওষুধ এবং অর্থনৈতিক সহায়তা করে থাকেন। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অনেক সংগঠনকে বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করছেন। তিনি কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্ত ২টি হ্যান্ডবুক লিখেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জনপদে তা সরবরাহ করেছেন। ডা. আতিক বিশ্বব্যাপী বাংলাদেশি ফিজিশিয়ানদের সংগঠন Planetary Healthcare Alliance এর বোর্ড অব ডিরেক্টরস-এর প্রতিষ্ঠাতা সদস্য। এ সংগঠনের মাধ্যমে অনেক বাংলাদেশি চিকিৎসক বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা এবং সক্ষমতা অর্জনের ট্রেনিংয়ের সুযোগ পান।
মেধাবী এবং মানবিক এই চিকিৎসক ব্যক্তিত্বের স্ত্রী ডা. তাহসিনা আতিকুজ্জামান একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। তাদের একমাত্র কন্যা নাবিহা মেডিক্যাল স্টুডেন্ট এবং একমাত্র পুত্র নাবিহান স্কুলে অধ্যয়ন করছে।
অর্থকণ্ঠ প্রতিবেদক




