আন্তর্জাতিকপ্রতিবেদন

বাংলাদেশ সোসাইটিকে অধিক কল্যাণমুখী করা প্রয়োজন

অর্থকণ্ঠ প্রতিবেদক

আহসান হাবিব

ব্যবসায়ী এবং বাংলাদেশ সোসাইটি ইনক এর নেতা

বাংলাদেশের নরসিংদী জেলার কৃতী সন্তান আহসান হাবিব এখন আমেরিকার ব্রুকলিনের সফল উদ্যোক্তা-ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি সেখানকার বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এর জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যালায়েন্স (BABA) এর গুরুত্বপূর্ণ নেতা ও ব্রুকলিন চেম্বার অব কমার্সের অন্যতম নেতা। এই উদ্যোগী সমাজসচেতন কর্মনিষ্ঠ লায়ন আহসান হাবিব সেখানকার নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এরও প্রেসিডেন্ট।

উদ্যমী কর্মী ব্যক্তিত্ব আহসান হাবিব আমেরিকার মতো জায়গায় নিজেকে প্রতিষ্ঠার মধ্যেই তৃপ্ত নন, তিনি চান বাংলাদেশ কমিউনিটিকে সমুজ্জ্বলভাবে তুলে ধরতে, বাংলাদেশি আমেরিকানদের সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করতে। তিনি মনে করেন, বাংলাদেশ সোসাইটির কার্যক্রম যত জোরদার করা যাবে, নিজেরা তত বেশি সংগঠিত হওয়া সম্ভব হবে। এতে আমেরিকায় মূলধারায় নিজেদের অবস্থান সুদৃঢ় করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে তার সুচিন্তিত মতামত হচ্ছে আমেরিকায় বাংলাদেশি আমেরিকানদের নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে নিউ ইয়র্কে বাংলা স্কুল ও লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উচিত। বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিযোগিতামূলক বৃত্তি প্রদান ও শিক্ষা সফরের আয়োজন এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ (স্কুল সাপ্লাই) বিতরণ।

বাংলাদেশ কমিউনিটির এই পরীক্ষিত ও সৎ নেতা মনে করেন, বয়স্ক পুরুষ ও নারীসহ সবার জন্যে ইংরেজি ও কম্পিউটার শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তার চিন্তা-ভাবনার মধ্যে রয়েছে, বাংলাদেশি কমিউনিটির জন্যে একটি তথ্যবহুল ওয়েবসাইট চালু করা- যেখানে চাকরির তথ্যসহ বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাবলি থাকবে। এতে যে কোনো নাগরিক তার প্রয়োজনে এসব তথ্য সহজেই পেয়ে যাবেন। তিনি মনে করেন বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি পরিদর্শন উপযোগী স্থানসমূহ এখানে সংযোজিত হলে এদেশ সম্পর্কে নতুন প্রজন্ম ও বিদেশিদের আগ্রহ বাড়বে।

আহসান হাবিব ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। স্কুল ও কলেজ জীবনে ছাত্র সংগঠনের সাথেও জড়িত ছিলেন। তার চিন্তা চেতনা মানুষের জন্যে কাজ করা। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক মানুষই যদি সামর্থ্য অনুযায়ী অন্য মানুষের সহায়তায় এগিয়ে আসে তাহলে এত সমস্যার সম্মুখীন হতে হতো না। তার ভাবনা এরকম- আপনি কাউকে নিজে চাকরি দেয়ার সামর্থ্য রাখেন না ঠিক আছে- কিন্তু তাকে যদি চাকরির ইনফরমেশন দিয়ে দেন তাহলেও সে সেখানে নক করতে পারবে- তার চাকরিটা হয়ে যেতে পারে।

এই উদ্যোক্তা ব্যবসায়ীর ধ্যানজ্ঞান নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ভালো-মন্দ নিয়ে। তিনি মনে করেন, বাংলাদেশ কমিউনিটির লোকজন যদি ভালো কিছু করতে সক্ষম হয়, ব্যবসা-বাণিজ্যে ও মূলধারার চাকরিতে প্রতিষ্ঠা লাভ করতে পারে তার মাধ্যমে কমিউনিটি ও বাংলাদেশ উপকৃত হবে।

সম্ভাবনার তারুণ্যে উজ্জীবিত ব্যবসায়ী ব্যক্তিত্ব আহসান হাবিবের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম মদিনা ইন্টারন্যাশনাল করপোরেশন। তিনি শিপিং ব্যবসার সাথে সম্পৃক্ত। করোনার এই দুঃসময়ে তিনি তার বন্ধু-সহকর্মীদের নিয়ে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নরসিংদীতেও তিনি ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছেন।

একজন হৃদয়বান মানুষ আহসান হাবিব বাংলাদেশ কমিউনিটির উন্নয়নের জন্যে নিবেদিতপ্রাণ। তিনি মনে করেন, বাংলাদেশি আমেরিকানদের ঐক্যবদ্ধ শক্তি যে কোন ক্ষেত্রে কমিউনিটির জন্যে বড় সহায়। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটিকে অধিক কল্যাণমুখী করা প্রয়োজন যেখানে শুধু পারস্পরিক মিলন মেলা নয়, এটি হবে কমিউনিটির সদস্যদের এগিয়ে নেয়ার অন্যতম প্রতিষ্ঠান।

অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button