যে সকল বাংলাদেশি প্রবাসে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করতে সক্ষম হয়েছেন তাদেরই একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী ব্যক্তিত্ব নাহিদুল এইচ খান। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া ডুলুথ-এর অধিবাসী। সুদর্শন এই উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের Khan Management Inc, Food and Fuel Company LLC, Khan Investment LLC এবং Bengal Partners Inc এর প্রেসিডেন্ট। নাহিদুল এইচ খানের জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জের এক অভিজাত সম্ভ্রান্ত পরিবারে। তিনি মুন্সীগঞ্জের কে.কে গভ. ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র।

আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদের অধিকাংশই যেখানে ‘অডজব’ করে অর্থ উপার্জন করছেন সেখানে নাহিদুল এইচ খান ভাগ্যবানই বটে। তিনি আমেরিকার মতো একটি দেশে আবাসন খাতে বিনিয়োগকারী এবং উদ্যোক্তা। আবাসন খাতে ব্যবসা পরিচালনাকারী তার প্রতিষ্ঠানের নাম Khan Investments LLC. ইতোমধ্যে তিনি অসংখ্য মানুষকে বাড়ি, ল্যান্ড এবং ফ্ল্যাট এর ব্যবস্থা করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অনেক বাঙালিই এখন নাহিদুল এইচ খানকে তাদের শুভাকাক্সক্ষী হিসেবে বিবেচনা করেন। তার কারণ, নাহিদুল এইচ খান তাদের অনেককে নিজ বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। নাহিদুল এইচ খানের স্ত্রী নাসিমা খান একজন সৌখিন সৌন্দর্যপ্রেমী নারী। তারা জর্জিয়ায় নিজ বাড়ির আঙিনায় রজনীগন্ধার বাগান করেছেন। একদিকে দেখার সৌন্দর্য অন্যদিকে চমৎকার সুবাস। বিকেলে রজনীগন্ধার সুবাসে ভরে ওঠে বাড়ির আঙিনা। মৌ মৌ সুবাসিত পরিবেশে যে কোনো মানুষের মনেই আনন্দের ছোঁয়া এসে দোলা দেয়।
নাহিদুল এইচ খান প্রবাসে অবস্থান করলেও দেশের জন্য গভীর টান অনুভব করেন। সময় ও সুযোগ পেলে দেশে আসেন তিনি। নিজ এলাকার মানুষদের মঙ্গল ও কল্যাণচিন্তায় অনেক সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হয়েছেন। তিনি একজন শিক্ষানুরাগী। স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহায়তাসহ অসহায় দুস্থ মানুষদের সহায়তা দিয়ে থাকেন।
রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে তার কোম্পানি যুক্তরাষ্ট্রের Ohio, Columbia সহ বিভিন্ন স্টেটে ব্যবসা পরিচালনা করছে। স্বপ্নদর্শী এবং আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা নাহিদুল এইচ খান কোয়ালিটির প্রশ্নে আপসহীন। তিনি তার Bengal Partners LLC প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র পণ্য আমেরিকায় আমদানি ও বাজারজাতের ব্যবস্থা করছেন। এতে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে।

নাহিদুল এইচ খান আমেরিকার জর্জিয়ায় বাঙালি কমিউনিটির জন্যেও সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন। তাদের উদ্যোগে সেখানকার প্যাটারসনে একটি রাস্তার নামকরণ হয়েছে ‘বাংলাদেশ বুলে বার্ড’। উল্লেখ্য, জর্জিয়ায় প্রায় ১৫ হাজার বাংলাদেশি বাস করেন। স্বপ্নদর্শী উদ্যোক্তা নাহিদুল এইচ খান তার Management Inc এর মাধ্যমে ছাত্র তরুণদের পেশা সংশ্লিষ্ট কর্মে দক্ষ করে গড়ে তোলেন। ফলে, ‘অডজব’ করে যেখানে একজন ব্যক্তির পারিশ্রমিক বাবদ মাত্র ১২০০/১৫০০ ডলার আয় হয়, সেখানে দক্ষ ব্যক্তি প্রায় ২০/২৫ হাজার ডলার আয় করার সুযোগ পেয়ে থাকেন। তিনি একজন আত্মপ্রত্যয়ী মানুষ। তার মধ্যে সঠিক সময়ে সঠিক কাজে পদক্ষেপ নেয়ার প্রবণতা অধিক।
সমাজ সচেতন নাহিদুল এইচ খানের প্রত্যাশা- একটি সুন্দর বাংলাদেশ যা হবে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়মুক্ত।



