
বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রযুক্তিসম্পন্ন যুক্তরাষ্ট্রের মূলধারায় যে ক’জন বাংলাদেশি আমেরিকান প্রযুক্তিখাতে কৃতিত্বপূর্ণ কাজের মাধ্যমে আইটি বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিতি লাভে সক্ষম হয়েছেন তাদের মধ্যে মাসুদ রব চৌধুরী সংক্ষেপে মাসুদ চৌধুরী অন্যতম। বাংলাদেশের কৃতী ও মেধাবী সন্তান মাসুদ চৌধুরী ১৯৮২ সাল থেকে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে থাকছেন। তিনি একজন বিদেশি ছাত্র হিসেবে উচ্চশিক্ষার্থে আমেরিকা গমন করেন এবং ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিষয়ে শিক্ষা শেষে লস এঞ্জেলসেই পেশাজীবন শুরু করেন। আমেরিকায় স্থায়ী হবার সুবাদে তিনি এখন বাংলাদেশি আমেরিকান।
শৈশব থেকেই মাসুদ চৌধুরী ছাত্র হিসেবে মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ¯œাতক ডিগ্রি লাভের পর বাংলাদেশ মিলিটারী একাডেমিতে যোগদান করেন। তিনি BMA থেকে Long Commission অর্জনের পর উচ্চশিক্ষার্থে আমেরিকা আসার সুযোগ পান। এখানে তিনি আইটি বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এখানকার পরিবেশ এবং উন্নত দেশের জীবন কাঠামো তাকে স্থায়ী হবার প্রেরণা যোগায়। তিনি মনে করেন, একজন বাংলাদেশি হিসেবে আমেরিকায় আইটি বিষয়ে কাজের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করা সম্ভব। এ ভাবনা থেকেই মাসুদ চৌধুরী পরিকল্পিত উপায়ে আমেরিকায় স্থায়ী হবার উদ্যোগ নেন।
স্বপ্নদর্শী ও আত্মপ্রত্যয়ী মাসুদ চৌধুরী তিন দশকেরও বেশি সময় ধরে আমেরিকার প্রায় ৫০০ কোম্পানির সাথে আইটি বিষয়ক কাজে সংশ্লিষ্ট হবার সুযোগ পেয়েছেন। এসবের মধ্যে Southern California Edison, Prot System, CA Utility Commission, Bank of America Ges HFT অন্যতম। এসব প্রতিষ্ঠান শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বের উল্লেখযোগ্য কোম্পানি হিসেবে স্বীকৃত।

অত্যন্ত হাসিখুশি ও বন্ধুবৎসল মাসুদ চৌধুরী নর্থ আমেরিকায় সুপরিচিত, বিশেষ করে বাংলাদেশ কমিউনিটিতে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। কারণ, উদ্যমী মানুষটি নর্থ আমেরিকার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে জড়িত। তিনি Bangladesh Community Los Angeles (UCLA), Bangladesh Community Society (BAS), Federation of Bangladeshi Associations in North America (FOBANA), Cadet College Alumni সহ আরো অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি Jhenidah Ex-Cadet Association in North America (JEXCA NA) Inc. প্রেসিডেন্ট। এটি একটি চ্যারিটি অর্গানাইজেশন।
দূরদর্শী আইটি বিশেষজ্ঞ মাসুদ চৌধুরী গত শতাব্দীর ৯০ দশকের দিকে লস এঞ্জেলসে একটি কম্পিউটার স্কুল চালু করেন। তিনি উপলব্ধি করেন সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি নিয়েও বাংলাদেশি আমেরিকানদের অডজব করতে হয়। সেক্ষেত্রে আইটিতে দক্ষ ও সার্টিফিকেট থাকলে তাদের পক্ষে মূলধারায় চাকরিতে যোগদান করা সম্ভব হবে। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা নিয়ে অসংখ্য বাংলাদেশি আমেরিকান আইটি ইন্ডাস্ট্রি ও আইটি কোম্পানিতে চাকরির সুযোগ লাভ করেছেন। এর ফলে বাংলাদেশি প্রফেশনালরা US Vendor এর সরাসরি এমপ্লয়ী হতে পেরেছেন।
মাসুদ চৌধুরী একজন জীবনবাদী মানুষ। তিনি সমাজসেবা, বাগান করা এবং ঘুরে বেড়াতে পছন্দ করেন। বাংলা নাটক দেখার ব্যাপারে তিনি বেশ উৎসাহী। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।
মাসুদ চৌধুরীর স্ত্রী শাহনাজ চৌধুরী তার সকল কাজের অন্যতম অনুপ্রেরণাদাত্রী। এই সুখী দম্পতির চার সন্তান নাসিক চৌধুরী, তাসনিম চৌধুরী, শাবাব চৌধুরী এবং তানহা চৌধুরী প্রত্যেকেই প্রবাসেও বাঙালিয়ানা সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে থাকেন।
মাসুদ রব চৌধুরী বিশ্বাস করেন, বাংলাদেশ একদিন প্রযুক্তির মাধ্যমে উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক



