প্রতিবেদন

ইউনিলিভার বাংলাদেশ-এর নতুন সিইও-এমডি জাভেদ আখতার

অর্থকণ্ঠ ডেস্ক

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে জাভেদ আখতার-এর নাম ঘোষণা করেছে। 

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়। আগামী ১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন জাভেদ। 

বর্তমানে তিনি ইউনিলিভার-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

জাভেদ তার নতুন পদে কেদার লেলে’র স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার লেলে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ইউনিলিভার বাংলাদেশ-এর সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২০ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ-এর চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন রত। কেদার এখন কনজ্যুমার ডেভেলপমেন্ট ম্যানেজিং কমিটির নির্বাহী পরিচালক হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে (এইচইউএল) যোগদান করবেন। পাশাপাশি তিনি ইউনিলিভার বাংলাদেশ-এর চেয়ারম্যান পদেও বহাল থাকবেন।  

কর্পোরেট ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ আখতার তার কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। এরপর ২০০০ সালে তিনি ‘ওরাল কেয়ার’-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পদে ইউনিলিভারে যোগদান করেন। জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (এইচইউএল) জন্য ‘ডিজিটাল কাউন্সিল’ স্থাপন করেন। 

এছাড়া ইউনিলিভারে বহুল পরিচিত ‘রিইমাজিন এইচইউএল’ এজেন্ডার রূপকারও তিনি। সমন্বিত এই অ্যান্ড-টু-অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামটি ইউনিলিভারে দারুণ সাড়া ফেলেছে।

ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট সঞ্জীব মেহ্তা বলেন, বাংলাদেশে ইউনিলিভার-এর ব্যবসায় অসাধারণ নেতৃত্ব দেওয়ায় আমি কেদারকে ধন্যবাদ দিতে চাই। নতুন ক্রেতা তৈরি, কোম্পানির অ্যান্ড-টু-অ্যান্ড সাপ্লাই চেইনে রূপান্তর আনা, মেধা উন্নয়ন ও ইউনিলিভার বাংলাদেশ-এ বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রে তার অবদান সত্যিই প্রশংসনীয়। এই পর্যায়ে ইউনিলিভার বাংলাদেশ-এর নতুন সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব পাওয়ায় জাভেদকে অভিনন্দন। সাউথ এশিয়া লিডারশিপ টিমে তাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ইউনিলিভার-এর প্রবৃদ্ধির প্রধান পাঁচটি মূলনীতি নির্ধারণ এবং ভারতে ‘রিইমাজিন এইচইউএল’ এজেন্ডা বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য। আমি নিশ্চিত যে, ইউনিলিভার-এর বাংলাদেশ অংশের ব্যবসাকে তিনি নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন।          

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button