প্রতিবেদন

শেখ কবির হোসেন বিআইএ’র সভাপতি পুনর্নির্বাচিত

অর্থকণ্ঠ ডেস্ক

আবারও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। তাকে ২০২১-২২ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২০১১ সাল থেকেই তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে কেউ এতো দীর্ঘ সময় এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেননি।

শেখ কবির হোসেনের পাশাপাশি নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এ কে এম মনিরুল হক। তবে প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে এসেছে নতুন মুখ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস শহিদ এমপির সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে  সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে বিআইএ’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য হলেন- নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছ। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস।

এছাড়া ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান, সিডিবিএলের চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (২০২১-২০২২) মেয়াদের জন্য প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত এক দশক ধরে তিনি অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন’র বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি বর্তমানে এফবিসিসিআই’র একজন সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইনসহ আরো বেশ কয়েকটি দেশ সফর করেন। তিনি রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট ইলেক্ট (পিই)।

পুনর্নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠালগ্ন থেকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮২ সালে ব্যবসায়িক পেশা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি লাভ করেন এবং ইউকে থেকে এসিসিএ পার্ট-১ সম্পন্ন করেন। মনিরুল হক নিটল মোটরস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালক এবং ২০০৫ সাল পর্যন্ত বিক্রয় ও বিপণনের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১১ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এফবিসিসিআই, আইবিসিসিআই, বিএমসিসিআই এবং এমসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য। ব্যক্তিগত জীবনে মনিরুল হক বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতির মানুষদের জীবনযাত্রা সম্পর্কে জানতে ভালোবাসেন। তিনি একজন ক্রীড়ামোদী এবং ক্রিকেট তার প্রিয় খেলা। দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে যুক্ত করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

নির্বাহী কমিটির অন্য ১৭ সদস্য হলেন-

মোজাফফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স; আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিস্টাল ইন্স্যুরেন্স; ফরিদুন্নাহার লাইলী, সাবেক এমপি, চেয়ারপাসন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স; মো. ইসহাক আলী খান পান্না, সাবেক চেয়ারম্যান ও পরিচালক, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স; নজরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স; এম. কামাল উদ্দিন, চেয়ারম্যান, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স; বেলাল আহমেদ, চেয়ারম্যান, জনতা ইন্স্যুরেন্স; মজিবুল ইসলাম, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স; সৈয়দ বদরুল আলম, পরিচালক, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স; আলহাজ্ব মো. ইসমাইল নওয়াব, ভাইস চেয়ারম্যান, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ; বিএম ইউসুফ আলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স; পি. কে. রায়, এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্স্যুরেন্স; ফারজানা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; মো. জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স; মো. ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স; মো. গোলাম কিবরিয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button