আবু হক
ডাইরেক্টর, সেলস, সিটি ল্যান্ডিং ইনক, ইউএসএ
দক্ষতা, অভিজ্ঞতা এবং অধ্যবসায় পেশার ক্ষেত্রে মানুষকে সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে যায়। তার অনন্য উদাহরণ আমেরিকার আবাসন খাতের শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠান ‘সিটি ল্যান্ডিং’ এর ডাইরেক্টর, সেলস আবু হক। বাংলাদেশের বগুড়ার এই কৃতী সন্তান আমেরিকার একজন সমুজ্জ্বল পেশাজীবী যিনি ‘Mortgage Master’ নামে সুখ্যাতি লাভ করতে সক্ষম হয়েছেন। আবু হকের জন্ম ১৯৬৪ সালের ১৩ জুলাই বগুড়া জেলার এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে।
আবু হক শিক্ষাজীবনে অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে ১৯৮১ সালে এসএসসি পরীক্ষায় পাস করার পর ভর্তি হন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। এখান থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় পাস করে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে। এখান থেকে কৃতিত্বের সাথে তিনি অনার্সসহ ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জীবনকে আরও সুন্দর ও ব্যঞ্জনাময় করার লক্ষ্যে তিনি উচ্চ শিক্ষার্থে আমেরিকা যান। University of Maryland-G Organizational Behaviour এর ওপর পড়াশোনা করেন। তিনি Institute of Personal Management থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি নিয়েছেন। স্থায়ী ঠিকানা গড়েছেন ভার্জিনিয়ার গ্রেট ফলসে। এখানে তিনি প্রথম দিকে বেশ কিছু কাজের সাথে সম্পৃক্ত হলেও এক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রমের সাথে নিজেকে জড়িত করেন। শুরু হয় এক নতুন পেশা জীবন। শুরুতে মেধাবী ও কর্মনিষ্ঠ আবু হক Fairfax Reality প্রতিষ্ঠানের Realtor ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের প্রতি একনিষ্ঠতা তাকে দ্রুতই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে সহায়তা করে। তিনি সেখানকার Capital Mortgage Banker LLC এর প্রেসিডেন্ট হিসেবে কাজের সুযোগ পান। এরপর আমেরিকার প্রতিষ্ঠিত মর্টগেজ কোম্পানি ALCOVA Mortgage এর শাখা ব্যবস্থাপকের দায়িত্ব লাভ করেন। এখানেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হন। এরপর তিনি Acme Homes Inc. নামের উল্লেখযোগ্য আবাসিক মর্টগেজ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার একটি জাতীয়ভিত্তিক মর্টগেজ কোম্পানির ‘ব্রাঞ্চ পার্টনার’ হিসেবেও দায়িত্বপালনের সুযোগ পান।
আবু হকের মেধা দক্ষতা ও অভিজ্ঞতা তাকে Allied First Bank এর Regional Sales Manager পদে কাজের সাহস যোগায়। তিনি দক্ষতার সাথে আঞ্চলিক ব্যবস্থাপনার কাজের মাধ্যমে নিজের যোগ্যতার অধিক প্রমাণ রাখেন। পরবর্তী সময়ে তিনি Goldwater Bank NA এর শাখা ব্যবস্থাপকের দায়িত্ব লাভ করেন। আমেরিকার মূলধারার এই চাকরি যথেষ্ট প্রেস্টিজিয়াস। আবু হক যেহেতু পেশাজীবনে একজন পরিপক্ব মর্টগেজ অভিজ্ঞ ব্যক্তিত্ব, স্বাভাবিকভাবেই তিনি যেকোনো ল্যান্ডিং প্রতিষ্ঠানের কর্মে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সর্বশেষ তিনি আমেরিকার প্রতিষ্ঠিত ল্যান্ডিং প্রতিষ্ঠান City Landing Inc. এর Director Sales পদে দায়িত্ব পালন করছেন।
কর্ম অভিজ্ঞ আবু হক শুধু পেশাজীবী হিসেবেই নন, মানুষ হিসেবেও স্মার্ট ও সুদর্শন। অত্যন্ত সদালাপী ও হাসিখুশি এই মানুষটি প্রবাসে বাংলাদেশিদের নিজস্ব ঠিকানা গড়ে দেয়ার ব্যাপারে খুব আন্তরিক। তিনি সুযোগ পেলেই বাংলাদেশিদের জন্যে কাজ করেন। তাদের উৎসাহিত করেন। তার হাত দিয়ে ইতোমধ্যে পাঁচ শতাধিক মানুষ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে নিজস্ব বাড়ি/ফ্ল্যাটে বসবাসের সুযোগ লাভ করেছেন।
কোভিড-১৯ অর্থাৎ করোনার এই দুর্যোগকালে তিনি অন্যান্য বাংলাদেশি উদ্যোক্তা সংগঠকদের সঙ্গে মিলে মিশে ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছেন। নিজ এলাকার দুর্গত, অসহায় ও কর্মহীন মানুষদের পাশেও তার হাতকে প্রসারিত করেছেন। তিনি বলেন, কেউ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারলে সে তো সত্যিকার অর্থে মানুষের মর্যাদা লাভ করে না। যখনই কোনো মানবিক বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই আবু হক পাশে দাঁড়ান।
মর্টগেজ বিষয়ে তার অভিজ্ঞতা, দক্ষতা এবং সর্বোপরি আস্থা তাকে পেশার ক্ষেত্রে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তিনি গ্রাহকদের কাছে একজন দক্ষ ‘মর্টগেজ মাস্টার’ হিসেবে পরিচিত। তার কর্মকুশলতায় মাত্র ১০% ডাউন পেমেন্ট দিয়ে গৃহ ঋণের সুযোগ পান গ্রাহকরা। বাংলাদেশ কমিউনিটিতে ‘মর্টগেজ মাস্টার’ বললে এক নামেই আবু হককে চেনেন সবাই। আবু হক একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত।
আলোকিত মানুষ আবু হক মনে করেন, বাংলাদেশ অমিত সম্ভাবনার একটি ভূখন্ড। দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা চালু করা সম্ভব হলে অতি দ্রুত বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে মর্যাদালাভে সক্ষম হবে।
অর্থকণ্ঠ প্রতিবেদক


