প্রতিবেদন

স্ট্যান্ডার্ড চার্টার্ড চালু করল ‘এক্সপ্যাট ব্যাংকিং’, আনোয়ার হোসেন স্মরণে সিটি ব্যাংকের শোক ও স্মরণ সভা

অর্থকণ্ঠ ডেস্ক

স্ট্যান্ডার্ড চার্টার্ড চালু করল ‘এক্সপ্যাট ব্যাংকিং’

বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের পুরো মাত্রায় ব্যাংকিং সুবিধা দিতে ‘এক্সপ্যাট ব্যাংকিং’ নামে একটি নতুন সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এই সেবার মাধ্যমে বিদেশিরা বাংলাদেশ এবং তাদের নিজেদের দেশে নির্বিঘ্নে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন বলে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের জন্য এই সেবার আওতায় ‘বাংলাদেশ-ভারত এনআরআই (নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান) ডেস্ক’ চালু করা হচ্ছে। এটা হবে এ ধরনের প্রথম ডেডিকেটেড হেল্পডেস্ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয়রা বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রবাসী গোষ্ঠী। ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশের ভারতীয় ক্লায়েন্টদের ব্যাংকিং চাহিদা পূরণ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এনআরআই ডেস্কের মাধ্যমে গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাপোর্ট টিমের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন। ব্যাংকের বিশেষজ্ঞদের কাছ থেকেও বিভিন্ন সেবা ও সুবিধা পাবেন।
পাশাপাশি দুই দেশেই যাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা অর্থ বিনিময় এবং মুদ্রা রূপান্তর হারে বিশেষ সুবিধা পাবেন।
ব্যাংকটির অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্লোবাল লিংক এর মাধ্যমে গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট পরিচালনার সুবিধা পাবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, প্রবাসী ব্যাংকিং সল্যুশনের মাধ্যমে স্বদেশ থেকে প্রবাসী ক্লায়েন্টদের দূরত্ব কমে আসবে এবং তারা আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন।
আমরা আশা করছি, আমাদের অতুলনীয় নেটওয়ার্ক এবং ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদের সুদূরপ্রসারী প্রবাসী ব্যাংকিং সুবিধা দিতে সক্ষম হব।
প্রবাসীদের জন্য এনআরআই ডেস্ক একটি পরিকল্পিত সেবা সম্ভারের সূচনা জানিয়ে তিনি বলেন. আমরা প্রতিনিয়ত প্রবাসীদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উৎকৃষ্ট করায় চেষ্টায় রত।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর কনজিউমার, প্রাইভেট ও বিজনেস ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ বলেন, ব্যাংকের অগ্রণী উদ্ভাবনের ধারাবাহিকতায় আরেকটি প্রথম উদ্যোগ এক্সপ্যাট ব্যাংকিং।
নতুন এই পরিষেবাটি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং শিল্পের রূপান্তরে অবদান রাখছে। এই হেল্পডেস্কের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থকণ্ঠ ডেস্ক

আনোয়ার হোসেন স্মরণে সিটি ব্যাংকের শোক ও স্মরণ সভা

সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেনের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন- সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, পরিচালক রাজিবুল হক চৌধুরী, আনোয়ার হোসেনের বড় ছেলে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ছোট ছেলে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, দ্বিতীয় ছেলে সিটি ব্যাংকের পরিচালক হোসেন মেহমুদ, সিটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্বাসউদ্দীন আহমেদ ও অন্যরা। শোক সভায় আলহাজ্ব আনোয়ার হোসেনের পরিবারের অন্যান্য সদস্য এবং ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা আলহাজ্ব আনোয়ার হোসেনের কর্মময় জীবনের নানাদিক আলোকপাত ও স্মৃতিচারণ করেন এবং বেসরকারি ব্যাংকিং খাতে তাঁর অবদান তুলে ধরেন। এছাড়া আনোয়ার হোসেনের জীবন দর্শন ও কর্মময় জীবন সম্পর্কিত একটি ভিডিও চিত্র সভায় প্রদর্শিত হয়।
স্মরণ সভায় ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘আনোয়ার হোসেনের দৃষ্টি শুধু ব্যবসা বৃদ্ধিতে ছিল না। তিনি নজর রাখতেন সমাজের অনগ্রসর মানুষের প্রতি। তিনি একই সঙ্গে ছিলেন দয়ালু, দেশপ্রেমিক, আদর্শ সন্তান ও একজন আদর্শ পিতা। ’
স্মৃতিচারণ শেষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিটি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা।
অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button