
বসুন্ধরা চেয়ারম্যানের সঙ্গে কেপিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী। গত ৫ অক্টোবর ঢাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেখানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহতাবুর রহমান; রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ও ভাইস চেয়ারম্যান মো. মাহির আলী খাঁন রাতুল।
এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারা পারস্পরিক ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, কেপিসি একটি ব্যবসায়ী গ্রুপ। ব্যবসার পাশাপাশি তারা সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। আমেরিকায় তাদের ৩৮টি হাসপাতাল রয়েছে। বাংলাদেশে তাদের বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে গ্রুপটি কাজ করতে চায়। বিশ্বজুড়ে অনেক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত কেপিসি গ্রুপ। এর মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল ও জৈব প্রযুক্তি, শিক্ষা, রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্থাপত্য ও প্রকৌশল, বিকল্প শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, ভ্রমণ পরিষেবা ও তথ্যপ্রযুক্তি।
ডা. কালী প্রদীপ চৌধুরী ২০০৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে সফলভাবে প্রতিষ্ঠা করেন প্রাইভেট মেডিকেল স্কুল। এছাড়া কলকাতা শহরের লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা দিতে ২৫ একর বিস্তৃত ১.৮ মিলিয়ন বর্গফুটেরও বেশি জায়গায় অত্যাধুনিক কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল, শোভা নার্সিং কলেজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কলেজ ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে।
অর্থকণ্ঠ ডেস্ক
সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল বসুন্ধরা গ্রুপ
গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ ও সেবার মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দেশের ভোক্তাদের যে আস্থা অর্জন করেছে, তা সর্বজনবিদিত। সম্প্রতি ব্র্যান্ড অনুসরণযোগ্যতা, ভোক্তাদের পছন্দ, অনন্যতা, উদ্ভাবন এবং ভোক্তা আস্থার মতো উল্লেখযোগ্য সব মানদ-ের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপ পেল ‘দ্য ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ডস ২০২১’-এর স্বীকৃতি।
ভারতীয় গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশ অংশে করা একটি গবেষণার মধ্য দিয়ে জনপ্রিয় ব্র্যান্ড বসুন্ধরাকে এই স্বীকৃতি দেয়। গত ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
দ্য ইকোনমিক টাইমস বিভিন্ন সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসায়িক ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জরিপ চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
ইকোনমিক টাইমসের মূল্যায়নে বলা হয়, বাংলাদেশে ব্র্যান্ড মূল্যে শক্তিশালী অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। এ প্রতিষ্ঠানের পণ্য ভোক্তাদের পছন্দ। এর যেমন অনন্যতা রয়েছে, তেমনি নিত্যনতুন উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে। এর ফলে বসুন্ধরা গ্রুপের পণ্য এখন ভোক্তাদের আস্থার প্রতীক।
অর্থকণ্ঠ ডেস্ক


