প্রতিবেদন

করোনাভাইরাস অগ্রযাত্রা থামাতে পারে নাই, আর কেউ পারবে না : প্রধানমন্ত্রী

অর্থকণ্ঠ ডেস্ক

করোনাভাইরাস মহামারিতেও বাংলাদেশের অগ্রযাত্রা থেমে থাকেনি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। করোনাভাইরাসই যখন পারে নাই, তবে আর কেউ পারবে না। এটাই আমার বিশ্বাস।’
সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এসময় বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার প্রসঙ্গ টেনে সরকার-প্রধান বলেন, ‘আমরা বিশ্বমর্যাদা পেয়েছি উন্নয়নশীল দেশ হিসেবে। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখতে পারবে না।’

২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনে বিজয় অর্জন করে টানা সরকারে থাকায় উন্নয়নটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবো। আমি সব সময় চাই মানবকল্যাণে কাজ করতে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আমরা প্ল্যান করে দিয়ে যাচ্ছি। ২০০৯ সালে যখন সরকার গঠন করে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করেছি। এ কারণে আজ কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি ঠিক সময়মতো। আমরা ২০২১ থেকে ২০৪১ এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে গেলাম। এর ওপর ভিত্তি করে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের যাত্রা শুরু করতে হবে।’
সরকার ইতোমধ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানেই থেমে নেই, আমরা ২১০০ সাল ডেল্টা প্ল্যান করে দিয়েছি। কারণ বাংলাদেশ একটা বদ্বীপ। এই বদ্বীপ অঞ্চলে একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা অপরদিকে আমাদের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখা। এই ভূখ-টাকে এমনভাবে তৈরি করে দেওয়া যেন প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়। সেই লক্ষ্য নিয়েই ডেল্টা প্ল্যান প্রণয়ন করে সেটা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কাজেই আমি মনে করি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’
অতীতে সামরিক শাসকরা নিজেদের স্বার্থে ছাত্রদের হাতে অস্ত্র, বোমা-বারুদ তুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে নিয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। যদিও করোনাভাইরাস আমাদের আরেকটা সমস্যা সৃষ্টি করে দিয়েছে। প্রায় এক বছরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়েছে, এটা মানুষের জীবনকে সুরক্ষিত করার জন্যই করা হয়েছে। তবে ইতোমধ্যে আমরা ভ্যাকসিন শুরু করেছি। টিকা দেওয়ার কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রাইমারি থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেওয়া শেষ হলে মার্চ মাসের শেষদিকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হবো।’
আওয়ামী লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী আমরা যদি দেখি বিজ্ঞান ও প্রযুক্তি এটা অগ্রগতি সাধন করার একটা উপায়। গবেষণা বা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ছাড়া কীভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিন। আমরা শিক্ষাকে বহুমুখী করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। সেই লক্ষ্যে উচ্চশিক্ষার প্রসারে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৮টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলেন, ‘দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে আমাদের। সেখানে আমরা জায়গা দেখছি। ওই অঞ্চলটা আরও উন্নত করতে চাই। সব বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার করে দেবো।’
বক্তব্যে সরকার-প্রধান আরও বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার।’
দক্ষ মানবসম্পদ সৃষ্টি করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সেদিকে লক্ষ্য রাখছি। আর প্রতিটি শিল্প-কারখানায় গবেষণা ও উন্নয়ন শাখাকে কার্যকর ও শক্তিশালী করতে হবে। আমরা ১০০টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। শিল্প প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেখানেও গবেষণার একান্ত প্রয়োজন আছে।’
মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দেওয়ার কথা তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে বিজ্ঞানকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার কথা বলেন শেখ হাসিনা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা-অনুদানের চেক হস্তান্তর করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button