প্রতিবেদন

অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনামের জন্মদিন উদযাপন

অর্থকণ্ঠ প্রতিবেদক

পাক্ষিক অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এবং ‘বিজনেস আমেরিকা’ ম্যাগাজিনের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনামের জন্মদিন উদযাপন করা হলো ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাজধানীর মহাখালী ডিওএইচএসে বিজনেস আমেরিকা’র ঢাকা অফিসে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনামুল হক এনাম ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম সাল বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় বছরের সমানুপাতিক। তার পিতা আলহাজ আকবর আলী এবং মা আলহাজ ফাতেমা-তুজ-জোহরা।

এনামুল হক এনাম শিক্ষা জীবন শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি জাতীয়, আঞ্চলিক এবং বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এনামুল হক এনাম ‘সাপ্তাহিক বিচিত্রা’য় দায়িত্ব পালনকালে নিজেই পত্রিকা প্রকাশনায় উদ্যোগী হন। তিনি দেশের অন্যতম বিজনেস নিউজ ম্যাগাজিন ‘অর্থকণ্ঠ’ এর একনিষ্ঠ উদ্যোক্তা এবং বর্তমানে এর ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি অর্থকণ্ঠ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী। এনামুল হক এনাম দেশ ও বিদেশে মিডিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন নিষ্ঠাবান ও উদ্যমী ব্যক্তি হিসেবে। দেশের সাংবাদিক সমাজের পরিচিত মুখ এনামুল হক এনাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাহী কমিটির একজন সাবেক নির্বাচিত সদস্য। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সদস্য। পেশাগত প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা প্রদান করেছে।
এনামুল হক এনাম বর্তমানে পেশাগত প্রয়োজনে আমেরিকার টেক্সাসে অবস্থান করছেন। বিজনেস আমেরিকা ম্যাগাজিন প্রকাশনায় তিনি ব্যাপক ভূমিকা পালন করছেন।
এনামুল হক এনামের জন্মদিন উপলক্ষে ঢাকায় আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাসহ অর্থকণ্ঠ এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ঊর্ধ্বতন নির্বাহী ও সাংবাদিক এবং কর্মীবৃন্দ কেক কেটে তার কর্মময় জীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অর্থকণ্ঠ প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button