
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, বাংলাদেশের নারীদের বেকারত্ব দূরীকরণে কোডার্সট্রাস্টের এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কোডার্সট্রাস্ট ডিজিটাল প্রযুক্তির আওতায় এসে আমাদের ইয়ং জেনারেশনকে প্রশিক্ষণ দিচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এবং বাংলাদেশে যে সুযোগ আছে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ প্রবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুযোগ তৈরি করেছেন তার সেই সুযোগ গ্রহণে যুব সমাজকে উজ্জীবিত করা হচ্ছে এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছেন নারী। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার যে উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আজকের যে যুবশক্তি তারাই উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে। সেক্ষেত্রে কোডার্সট্রাস্ট-এর উদ্যোক্তা আজিজ আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চছেন। তিনি সঠিক সময়ে সঠিক উদ্যোগটি নিয়েছেন। তাঁর এই কার্যক্রম দেশের গতিশীল উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। নজিবুর রহমান আরও বলেন, পৃথিবীতে এখন ট্রেন্ড এমন হয়ে দাঁড়িয়েছে যে, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে প্রায় ৭১% নারী এবং ৯ ভাগের মতো হচ্ছে পুরুষ। কোডার্সট্রাস্টের যে উদ্যোগ দেখলাম তাতে সেই চিত্রই প্রতিফলিত হচ্ছে। আমার মনে হয়, এখানে যারা যুবনারী আছেন- তারা সেটা বুঝতে পেরেছেন, তারা সেই সুযোগ কাজে লাগাচ্ছেন, নিজেকে প্রশিক্ষিত করছেন এবং তারা উৎপাদনমুখী, উপার্জনশীল, আয়বর্ধক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখছেন। এটা খুবই অনুকরণীয় এবং উজ্জ্বল একটি দৃষ্টান্ত। আমার মতে, কোডার্সট্রাস্ট এখানে পাইওনিয়ারিং রোল প্লে করছে তাই আমি কোডার্সট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।


