প্রতিবেদন

ঘরে বসেই পাওয়া যাবে জমির দলিল: ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থকণ্ঠ ডেস্ক

পর্চা, খতিয়ান বা ম্যাপের মতো ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিলাদি (সার্টিফায়েড ডকুমেন্ট) সেবাগ্রহীতাদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এবং ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতার আওতায় ভূমি অফিসগুলো থেকে দলিলাদি সংগ্রহ করে সেবাগ্রহীতার ঠিকানায় ডাকযোগে পৌঁছে দিবে ডাক বিভাগ। প্রতিটি ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতিদিন নিকটস্থ ভূমি অফিস থেকে দলিলগুলো সংগ্রহ করে সেবাগ্রহীতার ঠিকানা বরাবর পাঠাবেন। এ সেবার জন্য অনলাইনে আবেদনের সময়েই সেবাগ্রহীতা অনুরোধ জানাবেন এবং খাম, প্রস্তুতি ও ডাক মাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।
বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের নাগরিকরা ভূমি সংক্রান্ত সব আবেদন ও তার ভিত্তিতে ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করে থাকেন। এতদিন পর্যন্ত সেবাগ্রহীতাকে ভূমি অফিসে একাধিকবার যেতে হতো। ডিজিটাল ভূমি সেবার আওতায় সেবাগ্রহীতাদের জন্য অনলাইন তথা ওয়েব, অ্যাপ বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি করা হলেও প্রাপ্য পর্চা, খতিয়ান বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোনো বিকল্প ছিল না। এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যেতে হবে না।
উলে¬খ্য, নন-সার্টিফায়েড ডকুমেন্টগুলোও আরও সহজে ও দ্রুত বাড়িতে বসেই ডাকযোগে সংগ্রহ করতে পারবেন সেবাগ্রহীতারা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থকণ্ঠ ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button